পুজোর মুখে ভিলেন বৃষ্টি! মহালয়ায় ঝমঝমিয়ে দুর্যোগ, নতুন কী জানাল হাওয়া অফিস?

আর মাত্র দিন দশেক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শহর থেকে গ্রাম, সর্বত্রই এখন উৎসবের সাজ। তবে আনন্দের এই আবহেও কাটছে না দুর্যোগের মেঘ। মহালয়ার আগে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা।

দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে এবং শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

মহালয়ার দিনে কেমন থাকবে আবহাওয়া?

সপ্তাহান্তে দেবীপক্ষের সূচনা, রবিবার মহালয়া। বাঙালির এই বিশেষ দিনে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, বেশিরভাগ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে মেঘলা আকাশ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে।

কলকাতার আবহাওয়া

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৬ থেকে ৯৪ শতাংশ। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। দিনের বেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

এছাড়াও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, কর্ণাটক ও উত্তর প্রদেশ-সহ দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।