পাকিস্তানের সঙ্গে জোট বাঁধল সৌদি আরব! ভারতের জাতীয় নিরাপত্তার জন্য কতটা বিপদ?

পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারত সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, এই চুক্তির সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখা হবে।

বুধবার সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, উভয় দেশের কোনোটির ওপর যদি হামলা হয়, তবে তা দুই দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। চুক্তির পর সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই বোঝাপড়ার মাধ্যমে দুই দেশ যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করবে।

এই চুক্তি প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত সরকার এই চুক্তির বিষয়ে অবগত। তিনি বলেন, “আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছি। দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে এমন একটি চুক্তি নিয়ে আলোচনা চলছিল, সেই বিষয়ে সরকার সচেতন ছিল।”

তিনি আরও বলেন, এই চুক্তি ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর কী প্রভাব ফেলবে, তা ভারত সরকার গভীর ভাবে পর্যবেক্ষণ করবে।

এই চুক্তি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক চ্যালেঞ্জ হতে পারে, কারণ পাকিস্তান ঐতিহাসিকভাবে ভারতের প্রতি শত্রুভাবাপন্ন এবং সৌদি আরব মধ্যপ্রাচ্যে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র।