নীলবাতি লাগানো গাড়ির তাণ্ডব! পরপর ধাক্কা টোটো ও বাইকে, ক্ষুব্ধ জনতার হাতে গণপিটুনি খেল চালক

মালদহের পুরাতন মালদহ এলাকায় এক সরকারি দফতরের গাড়ির তাণ্ডবে শিশুসহ তিনজন আহত হয়েছেন। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একাধিক যানবাহনকে ধাক্কা দেওয়ার পর ক্ষুব্ধ জনতা গাড়ি ভাঙচুর করে এবং চালককে মারধর করে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ের কাছে।
ঘটনার সূত্রপাত হয় যখন পূর্ত দফতরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের বোর্ড ও নীল বাতি লাগানো একটি স্করপিও গাড়ি দ্রুত গতিতে এসে একটি টোটোকে ধাক্কা মারে। এরপর গাড়িটি একটি মোটরবাইককে ধাক্কা দিলে বাইক থেকে একটি শিশুকন্যা ছিটকে রাস্তায় পড়ে যায়। একইসঙ্গে, বাইকে থাকা এক গর্ভবতী মহিলা ও বাইকচালকও গুরুতর আঘাত পান।
এই ঘটনা দেখে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গাড়িটিকে ধাওয়া করে। পরিস্থিতি বেগতিক দেখে চালক গাড়ি ফেলে পালানোর চেষ্টা করে। কিন্তু জনতা তাকে ধরে ফেলে এবং ব্যাপক মারধর করে। উত্তেজিত জনতা গাড়িটির ওপরও ভাঙচুর চালায়।
খবর পেয়ে মালদহ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জনতার হাত থেকে আহত চালককে উদ্ধার করে এবং তাকে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। আহত শিশুসহ বাকি তিনজনকে স্থানীয়রা মৌলপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।