‘চোর সেজে দারোগা’, পুলিশকে বোকা বানাতে গিয়ে নিজেই ফেঁসে গেল চোর! কোথায় ঘটল এমন ঘটনা?

কথায় আছে, চোরের ৬৪ বুদ্ধি। এই প্রবাদটি আরও একবার সত্যি প্রমাণ হলো বালুরঘাটে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায়। চুরির ঘটনা ধামাচাপা দিতে চোর নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিল। পুলিশকে বোকা বানানোর এই অভিনব কৌশল দেখে তদন্তকারী অফিসাররাও অবাক। যদিও শেষ পর্যন্ত পুলিশের জেরার মুখে ধরা পড়েছে আসল সত্যিটা।

ঘটনাটি ২০২২ সালের। বালুরঘাটের একটি মোবাইল টাওয়ার থেকে বেশ কিছু ব্যাটারি এবং অন্যান্য যন্ত্রপাতি চুরি হয়। প্রায় তিন বছর পর, চলতি বছরের ২৬ জুলাই, ওই টাওয়ার কোম্পানির টেকনিশিয়ান কাজল মোহান্ত বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের প্রাথমিক পর্যায়েই কিছু সূত্র থেকে অভিযোগকারী কাজলের ওপরই সন্দেহ হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার পরিকল্পনা ভেস্তে যেতে থাকে। একের পর এক প্রশ্নের মুখে তিনি স্বীকার করেন, টাওয়ার থেকে চুরি তিনি নিজেই করেছেন। এরপর তার দেখানো গোপন ডেরা থেকে চুরি যাওয়া ২৪টি ব্যাটারি, একটি এসএনপিএস এবং আরও কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

বালুরঘাট থানার ডিএসপি বিক্রম প্রসাদ সাংবাদিক বৈঠক করে এই ঘটনার বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চোর যত চালাকই হোক না কেন, শেষ পর্যন্ত আইন ও পুলিশের চোখ ফাঁকি দিতে পারে না। কাজলের এই কৌশল সাময়িক চমক দেখালেও শেষ পর্যন্ত তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে।