একধাপ এগিয়ে গেল নবান্ন! পুজোর আগেই বেতন হাতে, সরকারি কর্মীদের জন্য বিরাট খবর

দুর্গাপূজা শুরু হওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ এক উপহার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসের বেতন এবার নির্ধারিত সময়ের আগেই হাতে পাবেন কর্মীরা।
রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এর ফলে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দুর্গাপূজার কেনাকাটা এবং উৎসবের প্রস্তুতিতে সুবিধা হবে। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন সরকারি কর্মীরা।
লক্ষ্যণীয় বিষয়, শুধু বেতন নয়, গ্র্যান্ট ইন এইড, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড এবং অনারারিয়ামের মতো সমস্ত পাওনাও একই সময়ে, অর্থাৎ ২৪ ও ২৫ সেপ্টেম্বরই দিয়ে দেওয়া হবে। তবে, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আগামী ১ অক্টোবর, ২০২৫ তারিখে দেওয়া হবে। এই বছর ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি থাকছে।
রাজ্য সরকারের এই ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারও দুর্গাপূজার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্র জানিয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রীয় সরকারি দপ্তরের কর্মীরা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যেই তাঁদের বেতন পেয়ে যাবেন।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুজোর বাজারের কথা মাথায় রেখেই সময়ের আগেই বেতন মিটিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, যে সমস্ত কর্মী সেপ্টেম্বর মাসে অবসর নিচ্ছেন, তাঁদের সমস্ত পাওনাও ওই দিনই মিটিয়ে দেওয়া হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।