সৃজিতের ‘এম্পরারার ভার্সেস শরৎচন্দ্র’-তে বড় চমক! প্রধান চরিত্রে কারা?

বহু প্রতীক্ষিত সিনেমা ‘এম্পরারার ভার্সেস শরৎচন্দ্র’-এর কলাকুশলীদের নাম অবশেষে ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘পথের দাবী’ অবলম্বনে তৈরি হতে চলা এই ছবিতে একাধিক বড় চমক রয়েছে। ছবিটির মুক্তি তারিখ আগেই ঘোষণা করা হয়েছিল— ২০২৬ সালের ১ মে। এবার জানা গেল, কে কে থাকছেন এই ছবিতে।
একঝাঁক তারকা নিয়ে সৃজিতের নতুন ছবি
টোটা রায় চৌধুরী, আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার-কে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আবির ও সোহিনীকে দীর্ঘদিন পর একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে, যা ভক্তদের জন্য দারুণ খবর।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যানী মণ্ডল, যিনি ‘ফুলকি’ চরিত্রে অভিনয় করেন, এই ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন।
বহু বছর পর সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছেন রুদ্রনীল ঘোষ।
এছাড়াও ছবিতে অভিনয় করবেন কাঞ্চন মল্লিক এবং সত্যম ভট্টাচার্য।
সবচেয়ে বড় চমক হলো, এই ছবির মাধ্যমে আবার ক্যামেরার মুখোমুখি হতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। যদিও বিষয়টি এখনও ফেডারেশনের বিচারাধীন।
ছবিটিতে শরৎচন্দ্রের চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর মাস থেকেই ছবির শুটিং শুরু হয়ে যাবে বলে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন।