‘মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে’, বালুরঘাটে দুর্গাপূজার ব্যানার পোড়ানো নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

দুর্গাপূজার আগে বালুরঘাটে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। রাতের অন্ধকারে শহরের নাইন জুয়েলস ক্লাবের পূজার একটি ব্যানার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই ব্যানারটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, তার ছেলে ঋতব্রত চক্রবর্তী এবং বালুরঘাট পুরসভার কাউন্সিলার প্রদীপ্তা চক্রবর্তীর ছবি ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
ক্লাব কর্তৃপক্ষের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত ঘটনা। ক্লাবের সম্পাদক অগ্নিব গুহ বলেন, “এখানে মুখ্যমন্ত্রী ও চক্রবর্তী পরিবারের সকলের ছবি ছিল। প্রত্যেককে অপমান করার উদ্দেশ্যেই ব্যানার পোড়ানো হয়েছে।” তিনি এই ঘটনা প্রসঙ্গে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর ছেলে ঋতব্রত চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। কাউন্সিলার প্রদীপ্তা চক্রবর্তীও বলেন, “ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি ছিল। যারা এ কাজ করেছে, তারা আসলে সরকারকেই অপমান করেছে। এর পেছনে বিরোধী দলগুলোর হাত থাকতে পারে।”
অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্ব এর দায় শাসকদলের গোষ্ঠী-দ্বন্দ্বের ওপর চাপিয়েছে। এক বিজেপি নেতার দাবি, “এই ধরনের নোংরা রাজনীতি বিজেপি করে না। এটা নিছক তৃণমূলের গোষ্ঠী কোন্দলেরই ফল।”
তবে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, দলে কোনো দ্বন্দ্ব নেই এবং যারা এই কাজ করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হোক। এই ঘটনা দুর্গাপূজার আগে বালুরঘাটের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।