অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড প্রয়াত, কেন তাঁকে বলা হত হলিউডের ‘নবজাগরণের পথিকৃৎ’?

হলিউডের বিখ্যাত অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই। গত ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওটাওয়াতে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। এই কিংবদন্তি তার ব্যতিক্রমী অভিনয় এবং পরিচালনার জন্য চলচ্চিত্র জগতে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

অভিনয় ও পরিচালনা জীবনের যাত্রা

থিয়েটারের মঞ্চ থেকে হলিউডের পর্দায় তার যাত্রা ছিল এক নতুন দিগন্ত। অনেকেই তাকে ‘হলিউডের নবজাগরণের পথিকৃৎ’ বলে অভিহিত করেন। রবার্ট রেডফোর্ড প্রথম থেকেই বুঝেছিলেন কীভাবে বক্স অফিস সাফল্যের পাশাপাশি সামাজিক বার্তা দিয়ে দর্শকদের বিনোদন দেওয়া যায়। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে ‘বুচ ক্যাসকেডি অ্যান্ড দ্য সানডান্স কিড’, ‘দ্য গ্রেট গ্যাটসবি’, এবং ‘অল দ্য প্রেসিডেন্টস মেন’।

অভিনয়ের পাশাপাশি তিনি একজন স্বনামধন্য পরিচালকও ছিলেন। ৪০ বছর বয়সে তার পরিচালনায় হাতেখড়ি হয়। তার প্রথম পরিচালিত ছবি ‘অর্ডিনারি পিপল’ এর জন্য তিনি অস্কার জিতেছিলেন।

সানডান্স ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা

রবার্ট রেডফোর্ড ১৯৮১ সালে সানডান্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ‘সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল’ শুরু করে। এটি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ২০১৮ সালে তিনি অভিনয় থেকে অবসর নিলেও, পরবর্তীতে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিতে আবার পর্দায় ফিরে আসেন। তার মৃত্যুতে পুরো চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।