‘শ্রমশ্রী’ প্রকল্পের পর এবার নতুন ঘোষণা, পরিযায়ী শ্রমিকদের জন্য কী পদক্ষেপ নিলেন মমতা?

বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজ, বুধবার রাজ্যজুড়ে সমস্ত সরকারি অফিস, দফতর, স্কুল এবং কলেজ বন্ধ রয়েছে। আগেই উত্তরবঙ্গ সফর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছুটির ঘোষণা করেছিলেন। তবে, এর পেছনে ছিল এক বিশেষ কারণ— পরিযায়ী শ্রমিকদের প্রতি সম্মান জানানো।

এদিন সকালে মুখ্যমন্ত্রী নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রাজ্যবাসীকে বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি লেখেন, “এবারে আমরা পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছি।” এর মাধ্যমে তিনি এই ছুটির পেছনের মূল কারণটি আরও একবার স্পষ্ট করেছেন।

গত ১১ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফর থেকে মুখ্যমন্ত্রী এই নতুন সিদ্ধান্তের কথা জানান। সেই সময় তিনি বলেন, “বিজেপি-শাসিত রাজ্যগুলোতে শুধুমাত্র মাতৃভাষায় কথা বলার জন্য অসংখ্য বাঙালি হেনস্তার শিকার হচ্ছেন। এর মধ্যে রাজবংশী, আদিবাসী এবং মতুয়া সম্প্রদায়ের মানুষও আছেন। ২৪ হাজারের বেশি বাঙালি বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়ে বাংলায় ফিরে এসেছেন। আমরা তাঁদের আপন করে নিয়েছি এবং তাঁদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছি। এ বছর থেকে পরিযায়ী শ্রমিকদের সম্মানে আমরা বিশ্বকর্মা পুজোর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করলাম।” এই সিদ্ধান্তের মাধ্যমে মুখ্যমন্ত্রী একদিকে যেমন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন, তেমনি অন্যদিকে উৎসবের মরশুমের আগেই তাঁদের প্রতি সংহতি প্রকাশ করলেন।