আত্মসমর্পণ করবে মাওবাদীরা? শর্তসাপেক্ষ ‘যুদ্ধবিরতি’র প্রস্তাব দিয়ে শান্তি আলোচনার আবেদন

দেশের মাটি থেকে মাওবাদীদের নির্মূল করতে সরকারের নিরলস অভিযানের মধ্যেই সুর নরম করল নিষিদ্ধ ঘোষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)। তারা একমাসের জন্য সংঘর্ষবিরতি ঘোষণা করে সরকারের কাছে শান্তি আলোচনার আবেদন জানিয়েছে।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ‘অভয়’-এর নামে একটি দুই পৃষ্ঠার বিবৃতি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, “দলের প্রয়াত সাধারণ সম্পাদক বাসবরাজুর উদ্যোগে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমান পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।” বিবৃতিতে তারা জানিয়েছে যে, এই বিষয়ে তারা ইন্টারনেট, রেডিও বা সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের সঙ্গে যোগাযোগ করতে চায়।
মাওবাদীরা আরও বলেছে, দেশবাসীর স্বার্থে তারা প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত, তবে তার আগে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে চায়।
এই বিবৃতির সত্যতা যাচাই করছে ছত্তিশগড় সরকার। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা জানান, ‘সংঘর্ষবিরতি’ শব্দটি আপত্তিকর, কারণ সরকারের সঙ্গে তাদের কোনো যুদ্ধ চলছে না। তিনি বলেন, কোনো গণতান্ত্রিক দেশে শর্তসাপেক্ষ আলোচনা হয় না। মাওবাদীদের উচিত নিঃশর্ত আত্মসমর্পণ করে সরকারের পুনর্বাসন সুবিধা গ্রহণ করা। তবে, বিবৃতির সত্যতা যাচাই করার পর সরকার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।
প্রসঙ্গত, প্রায় চার মাস আগে ছত্তিশগড়ের বস্তার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক নম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুর মৃত্যু হয়। তার পর থেকেই মাওবাদীদের এই আকস্মিক বিবৃতির পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মাওবাদীরা এর আগেও ‘যুদ্ধবিরতি’র প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছে, কিন্তু তখন সরকার সাড়া না দেওয়ায় অভিযান আরও তীব্র হয়েছিল।