অন্ধ্রপ্রদেশে নারকীয় বর্বরতা! স্ত্রীর হাত বেঁধে বেল্ট দিয়ে মারধর স্বামীর, শিউরে উঠছে দেশ

আইন ও সচেতনতা যেন কোনও কাজেই আসছে না। আবারও প্রকাশ্যে এল গার্হস্থ্য হিংসার এক নারকীয় ঘটনা, যা দেখে শিউরে উঠেছে গোটা দেশ। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় এক ব্যক্তি তার স্ত্রীকে হাত বেঁধে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করেছেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, গুরুনাথন নামের ওই ব্যক্তি তার স্ত্রীকে বেল্ট দিয়ে অকথ্যভাবে পেটাচ্ছেন। মহিলা যন্ত্রণায় চিৎকার করছেন এবং মাটিতে লুটিয়ে ছটফট করছেন, তবুও তার উপর চলতে থাকে পাশবিক মারধর। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্ত্রীকে মারধর করার সময় গুরুনাথনের চোখেমুখে এক পৈশাচিক আনন্দ ফুটে উঠছিল। প্রতিবেশীরা তাকে আটকাতে চাইলেও তিনি কোনো কর্ণপাত করেননি।
জানা গিয়েছে, গুরুনাথন এবং তার স্ত্রীর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। সন্তানদের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে ওই মহিলা একটি বেকারিতে কাজ করেন। অন্যদিকে, গুরুনাথন হায়দরাবাদে অন্য এক মহিলার সঙ্গে থাকেন।
স্থানীয়দের অভিযোগ, গুরুনাথন প্রায়শই গ্রামে ফিরে তার স্ত্রীর রোজগারের টাকা কেড়ে নেওয়ার জন্য এই ধরনের অত্যাচার চালান। টাকা দিতে অস্বীকার করলেই নেমে আসে চরম শারীরিক নির্যাতন। এই ঘটনা তারই পুনরাবৃত্তি বলে মনে করা হচ্ছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।