মোদী সরকারের মাস্টারস্ট্রোক! পুজোয় আগেভাগে বেতন, ভোটের মুখে বাংলায় বড় চমক?

পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! দুর্গাপূজার আগেই সেপ্টেম্বর মাসের বেতন হাতে পাবেন তাঁরা। ২৬ সেপ্টেম্বর, শুক্রবার তাঁদের অ্যাকাউন্টে বেতন ঢুকবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

পুজোর মুখে বড় উপহার
সাধারণত কেন্দ্রীয় সরকারি কর্মীরা মাসের শেষ দিকে তাঁদের বেতন পেয়ে থাকেন। কিন্তু, এই বছর দুর্গাপূজা শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। তাই পুজোর কেনাকাটা এবং উৎসবের আনন্দের কথা মাথায় রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কর্মীরা দু’দিন আগেই হাতে টাকা পাবেন এবং নিশ্চিন্তে পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন।

সুকান্ত মজুমদারের বার্তা
সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার প্রদানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত বিজেপিকে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সাহায্য করবে। ভোটের আগে রাজ্যজুড়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার জন্য এটি মোদী-শাহের একটি কৌশল বলেও অনেকে মনে করছেন।