প্রাথমিক শিক্ষকের অভাব পূরণে নতুন উদ্যোগ, প্রাথমিক স্তরে ২৩০৮ স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নতুন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২৩০৮টি শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরা যাতে সাধারণ স্কুলের মূলধারার শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, তা নিশ্চিত করা।
আবেদনের যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের অবশ্যই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (RCI) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে স্পেশাল ডিএলএড কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রাজ্যের নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে।
পরীক্ষা পদ্ধতি: নিয়োগ প্রক্রিয়া হবে দুটি ধাপে। প্রথম ধাপে ৮০ নম্বরের টেট (শিক্ষক যোগ্যতা পরীক্ষা) এবং দ্বিতীয় ধাপে ২০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে প্রার্থীর পড়ানোর দক্ষতা যাচাই করা হবে। লিখিত ও মৌখিক, এই দুই মিলিয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। তবে কবে থেকে আবেদন গ্রহণ শুরু হবে, তা এখনও জানানো হয়নি। খুব শীঘ্রই এই তারিখ ঘোষণা করা হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
শিক্ষামহলের মতে, রাজ্যে দীর্ঘদিন ধরে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য প্রশিক্ষিত শিক্ষকের অভাব ছিল। নতুন এই নিয়োগের ফলে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে মনে করা হচ্ছে।