শিশু সুরক্ষায় সাংবাদিকদের নতুন পথনির্দেশিকা, সিনি-র উদ্যোগে প্রকাশিত হল পকেট হ্যান্ডবুক

সাংবাদিক এবং চিত্র-সাংবাদিকদের জন্য শিশু অধিকার বিষয়ক একটি বিশেষ পকেট হ্যান্ডবুক প্রকাশ করল চাইল্ড ইন নিড ইন্সটিটিউট (সিনি)। সোমবার কলকাতা প্রেস ক্লাবে ‘মিডিয়া সেনসিটাইজেশন অন চাইল্ড সেফগার্ডিং’ শীর্ষক একটি অনুষ্ঠানে এই পুস্তিকাটি বিতরণ করা হয়।

শিশুদের নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকরা যাতে আরও সংবেদনশীল এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১০টি ছবি-সহ এই পুস্তিকাটিতে শিশু অধিকার সংক্রান্ত খবর লেখার সময় কোন কোন বিষয়ে নজর রাখা উচিত, সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সংকলনটি পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের (WBCPCR) প্রকাশিত Pocket Handbook for Media And Journalists on Reporting on Child Rights পুস্তিকার আদলে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সংবাদ পরিবেশনের সময় তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করাই প্রধান উদ্দেশ্য।

এই পকেট হ্যান্ডবুকটি সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে, যা শিশুদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ লেখার ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করবে।