সরকারি সম্পত্তি চুরির অভিযোগে গ্রেফতার ৩, বিজেপি কর্মীর দোকান থেকে উদ্ধার ট্রান্সফরমার

ঢোলাহাটের দিগম্বরপুরে একটি ভাঙাচোরা দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি সরঞ্জাম উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ওই দোকান থেকে বহুমূল্যের ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার, আর্থিং রড এবং জল সরবরাহের পাইপের ভালভসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে। এই ঘটনায় দোকানের মালিকসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

দোকানের মালিক বাসুদেব মণ্ডল দাবি করেছেন, তিনি নির্দোষ। তার বক্তব্য, এলাকার বিদ্যুৎ দফতরের কর্মী স্বদেশ বারিক দুজন হকারের কাছে এসব বৈদ্যুতিক সামগ্রী বিক্রি করেছিলেন, আর তিনি সেই হকারদের কাছ থেকে না বুঝেই জিনিসগুলো কিনেছেন। কিন্তু সরকারি সম্পত্তি কোনো কাগজপত্র ছাড়া কীভাবে কিনলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাসুদেব মণ্ডল বিজেপি করেন বলে জানা গেছে, আর তার দোকান থেকে এই ধরনের সামগ্রী উদ্ধার হওয়ায় রাজনৈতিক মহলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশ ইতিমধ্যে বাসুদেব মণ্ডল এবং তার কাছে মালপত্র বিক্রি করতে আসা আরও দুজনকে আটক করেছে। উদ্ধার করা সব সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত সকলের খোঁজে এবং এই সরকারি সম্পত্তি কীভাবে দোকানে এল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। সঠিক তদন্তের মাধ্যমে পুরো ঘটনার রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছে পুলিশ।