‘ভারত কোনও দেশকে জয় করেনি, কেবল জ্ঞান দিয়েছে’, কেন এমন কথা বললেন মোহন ভাগবত?

সম্প্রতি এক বইপ্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত প্রাচীন ভারতের গৌরব নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রায় ৩০০০ বছর আগে ভারত সারা বিশ্বকে পথ দেখিয়েছিল। তবে এই নেতৃত্ব ছিল জ্ঞান ও সভ্যতার, কোনো দেশকে জয় করা বা তার অর্থনীতিকে দমন করার জন্য নয়। পরোক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডাম্পের শুল্কনীতির সমালোচনাও করেন তিনি।

‘আমরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি’

প্রহ্লাদ প্যাটেলের লেখা ‘নর্মদা পরিক্রমা’ বইয়ের উদ্বোধনে মোহন ভাগবত বলেন, “আমরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি। আমরা কোনো দেশ জয় করিনি, কারও ব্যবসা দমন করিনি, কাউকে ধর্মান্তরিত করিনি। যেখানেই গিয়েছি, কেবল সভ্যতা, জ্ঞান ও জীবনযাত্রার উন্নতি করেছি।” তিনি বলেন, সেই সময় প্রতিটি জাতির নিজস্ব পরিচয় ছিল, কিন্তু তাদের মধ্যে সুসম্পর্ক ছিল, যা এখন দেখা যায় না।

‘তখন প্রযুক্তি অনেক উন্নত ছিল’

আরএসএস প্রধান বলেন, ৩০০০ বছর আগের ভারত ছিল বিশ্বের ‘সেরা দেশ’, কারণ তখন মানুষের মধ্যে গভীর সচেতনতা ও পবিত্র অনুভূতি ছিল। তিনি বলেন, “সেই সময়ে প্রযুক্তিগত অগ্রগতি খুব বেশি ছিল, কিন্তু পরিবেশের কোনো অবনতি হয়নি। মানবজীবন ছিল সুখী এবং সংস্কৃতিপূর্ণ। সেই সময় পৃথিবীতে কোনো সংঘাত ছিল না।”

শুক্রবারও মোহন ভাগবত ট্রাম্পের শুল্কনীতিকে কটাক্ষ করে বলেছিলেন, বিশ্বের বড় শক্তিগুলো ভারতের আর্থিক বৃদ্ধি দেখে শঙ্কিত হয়ে উঠেছে। তিনি বলেন, “মানুষ ভয় পায়, যদি অন্য কেউ তার থেকে বড় হয়ে যায়। তাই তারা শুল্ক আরোপ করেছে।” শনিবার তিনি আবার প্রাচীন ভারতের কথা তুলে ধরে দেশের জয়গান গাইলেন।