১০টা বছর ফিরিয়ে দেওয়া হোক! SSC পরীক্ষা দিতে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সাহানি নাজনি

এসএসসি আন্দোলনের অন্যতম মুখ সাহানি নাজনি আবারও পরীক্ষায় বসতে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন। দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অন্যায়ের শিকার হওয়ার পর, আজ রাজপুর পদ্মমণি গার্লস হাইস্কুলে তাকে আবার ইংরেজি বিষয়ের পরীক্ষা দিতে হচ্ছে। একসময় যারা পরীক্ষা নিতেন, আজ তারাই ভাগ্যের পরিহাসে পরীক্ষার্থীর আসনে বসেছেন।

বারবার কেন ভুক্তভোগী হতে হচ্ছে?

সাহানি নাজনি বলেন, “আমার জীবনের এই ১০টা বছর ফিরিয়ে দেওয়া হোক। আমরা নিয়ম মেনে ২০১৬ সালেই পরীক্ষা দিয়েছিলাম। এই দুর্নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, অথচ আমাদেরই বারবার ভুক্তভোগী হতে হচ্ছে।” তার কথায় ফুটে উঠেছে দীর্ঘদিনের বঞ্চনা ও যন্ত্রণা। তিনি আরও জানান, এবারের পরীক্ষা দিতে বসলেও মনের মধ্যে নানা সংশয় রয়ে গেছে। ভবিষ্যতের অনিশ্চয়তা এবং মানসিক চাপ এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে।

এত কিছুর পরেও তিনি ন্যায়বিচারের আশায় পরীক্ষায় অংশ নিচ্ছেন। সাহানি নাজনির এই লড়াই যেন লক্ষ লক্ষ বঞ্চিত চাকরিপ্রার্থীর কণ্ঠস্বর।