নারীশক্তির জয়! কেরালা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করল কৃষ্ণনগরের মহিলা পুলিশের দল

নারীশক্তির ক্ষমতায়নের দিকে আরও এক ধাপ এগোল কৃষ্ণনগর জেলা পুলিশ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচারের উদ্দেশে কেরালায় নিয়ে যাওয়া এক তরুণীকে উদ্ধার করল নাকাশিপাড়া থানার সম্পূর্ণ মহিলা পুলিশের একটি দল। সেই সঙ্গেই অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। রাজ্যের ইতিহাসে এই ধরনের অভিযান প্রথম বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১২ অগাস্ট নাকাশিপাড়া থানার বাদবিল্ব গ্রামের এক তরুণী নিখোঁজ হন। পরিবারের লোকজন জানতে পারেন, মফিজুল হালদার নামে এক যুবক তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এরপর আদালতের নির্দেশে ১১ সেপ্টেম্বর মামলা রুজু করে নাকাশিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের দায়িত্ব পান মহিলা এএসআই দিপালী খনম।
কেরালা পর্যন্ত অভিযান
তদন্তে দিপালী খনম জানতে পারেন, অভিযুক্ত যুবক বিবাহিত ও চার সন্তানের বাবা। তিনি কেরালায় টেলারিংয়ের কাজ করেন এবং সেখানেই ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছেন।
এই তথ্যের ভিত্তিতে এএসআই দিপালী খনম, এসআই নিলোফার সুলতানা, কনস্টেবল সুচিত্রা সরকার এবং কৃষ্ণা বিশ্বাস- এই চারজন মহিলা পুলিশের একটি দল গত ২ সেপ্টেম্বর কেরালার উদ্দেশে রওনা হন। ৪ তারিখ রাতে তিরুবনন্তপুরম থেকে যুবককে গ্রেফতার করার পাশাপাশি অপহৃত তরুণীকেও উদ্ধার করেন তাঁরা।
প্রশংসিত পুলিশি উদ্যোগ
কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, এই ধরনের অভিযান রাজ্যে প্রথমবার কোনো মহিলা পুলিশের দল পরিচালনা করল। নারী ক্ষমতায়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সফল অভিযান আবারও প্রমাণ করল যে, নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।