ঘুষ ছাড়া বার্থ সার্টিফিকেট নেই! ৫০০ টাকা ডোনেশন আদায় করছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত

জন্ম বা মৃত্যুর শংসাপত্র পেতে গেলে কোনও সরকারি ফি লাগে না। কিন্তু উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় এমনই এক বেআইনি অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য ৫০০ টাকা করে ‘ডোনেশন’ নিচ্ছে।
বাদুড়িয়ার চণ্ডীপুর পঞ্চায়েতের বাসিন্দা হাবিল মন্ডল তাঁর ছেলের জন্ম শংসাপত্রের জন্য আবেদন করলে পঞ্চায়েত থেকে ৫০০ টাকা চাওয়া হয়। টাকা দেওয়ার পর তাঁকে একটি রশিদও দেওয়া হয়, যেখানে স্পষ্ট লেখা আছে, ‘জন্ম সার্টিফিকেটের জন্য ডোনেশন স্বরূপ ৫০০ টাকা’। রশিদে আদায়কারীর সইও রয়েছে।
সহাবিল মন্ডল একা নন, গ্রামের আরও অনেক বাসিন্দার অভিযোগ, চণ্ডীপুর পঞ্চায়েতে এই ধরনের দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছে। এমনকি ৫০০ টাকার বেশিও নেওয়া হয়। স্থানীয়দের দাবি, টাকা দিলেই যে কেউ সহজেই বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। গ্রামের এক বাসিন্দা রাজীব মন্ডল বলেন, “শুধু বার্থ সার্টিফিকেট নয়, ডেথ সার্টিফিকেট পেতেও টাকা দিতে হয়।”
হাবিল মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, “পঞ্চায়েত বলছে, পঞ্চায়েত চালানোর জন্যই নাকি এই খরচ লাগে। কিন্তু সেই খরচ কি সাধারণ খেটে খাওয়া মানুষের কাছ থেকে নেওয়া হবে? সরকার কি টাকা দেয় না?” এলাকার মানুষ বলছেন, টাকার বিনিময়ে বাংলাদেশি ও রোহিঙ্গারাও জন্ম শংসাপত্র পেয়ে যাচ্ছে, যা আরও বড় দুর্নীতির ইঙ্গিত।
এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভীন বলেন, “আমি এই প্রথম শুনলাম। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেব।” অন্যদিকে, বিজেপির নেতা পলাশ সরকার পুরো ঘটনাকে ‘দুর্নীতির আঁতুড়ঘর’ আখ্যা দিয়ে বলেন, “চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত শুধু নয়, বাদুড়িয়ার সব কটা পঞ্চায়েতেই এভাবেই মানুষকে ঠকিয়ে টাকা লুঠ করা হচ্ছে।”