ভোটের মুখে নতুন সংঘাত! আধার কার্ড নিয়ে রাজ্য সরকারের আবেদন খারিজ করল নির্বাচন কমিশন

বিহারের এসআইআর (সার্ভিসেস ফর ইন্টিগ্রেশন অ্যান্ড রিফর্ম) মামলার রায়ের পর আধার কার্ডকে ভোটার তালিকার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এই সিদ্ধান্তের পরই পশ্চিমবঙ্গ সরকার এবং নির্বাচন কমিশনের (Election Commission) মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে।

সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন, স্বাস্থ্যসাথী এবং রেশন কার্ডকেও যেন ভোটার তালিকার জন্য পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হয়। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র ১২টি নথিই গ্রহণযোগ্য। ফলে রাজ্যের এই আবেদনটি কার্যত খারিজ হয়ে গেছে।

আদালত জানিয়েছে যে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে ‘রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট’-এর ধারা ২৩(৪) অনুযায়ী এটি পরিচয় প্রমাণের একটি গুরুত্বপূর্ণ নথি। তাই এসআইআর-এর ক্ষেত্রে আধার কার্ড গ্রহণযোগ্য। একই সাথে, নির্বাচন কমিশনের কাছে আধার কার্ডের সত্যতা যাচাই করারও অধিকার থাকবে।

নির্বাচন কমিশন ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসআইআর-এর প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে। আগামী বছরে বিধানসভা নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে রাজনৈতিক সংঘাত বাড়বে বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আধারকে পরিচয়পত্র হিসেবে ব্যবহারের বিরোধিতা করেছেন। ফলে কমিশনের এই নির্দেশ রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করবে বলে মনে করা হচ্ছে।