কাঠমান্ডুতে আন্তর্জাতিক সেমিনারে গিয়ে আটকে পড়লেন ভারতীয় পড়ুয়ারা, উৎকণ্ঠায় পরিবার

জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে গিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আটকে পড়েছেন ভারতের চার পিএইচডি গবেষক। তাঁদের মধ্যে একজনের বাড়ি আলিপুরদুয়ারের বারোবিশায়। নাম মনিহার তালুকদার। নেপালের রাজনৈতিক অস্থিরতার জেরে তিনি কার্যত গৃহবন্দি হয়ে হোটেলে দিন কাটাচ্ছেন।

গত ৫ সেপ্টেম্বর সড়কপথে কাঠমান্ডুতে পৌঁছান মনিহার এবং তাঁর সঙ্গীরা। মেঘালয় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মনিহার ওই সেমিনারে তাঁর গবেষণার জন্য পুরস্কৃতও হন। কিন্তু সেমিনার শেষে ৯ সেপ্টেম্বর যখন তাঁদের শিলিগুড়ি হয়ে বাড়ি ফেরার কথা, তখনই জানতে পারেন কাঠমান্ডু রণক্ষেত্রে পরিণত হয়েছে। হোটেল কর্তৃপক্ষ তাঁদেরকে নিরাপত্তার জন্য বাইরে না বেরিয়ে হোটেলে থাকার পরামর্শ দেয়।

এদিকে মেয়ের আটকে পড়ার খবর পেয়ে আলিপুরদুয়ারের বারোবিশায় মনিহারের পরিবার গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। তাঁরা নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসে যোগাযোগ করলে তাঁদেরকে আপাতত হোটেলে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। মনিহারের বাবা প্রসেনজিৎ তালুকদার জানান, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু হলেও টিকিটের দাম ৪০ হাজার টাকা ছাড়িয়ে গেছে, যা তাঁদের পক্ষে বহন করা সম্ভব নয়।

এই পরিস্থিতিতে প্রসেনজিৎ তালুকদার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে তাঁর মেয়ে-সহ অন্য পড়ুয়াদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছেন। মনিহার নিজেও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, “কবে বাড়ি ফিরতে পারব বুঝতে পারছি না, অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে।” নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।