সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতের ৯ উইকেটে দুর্দান্ত জয়ের পর, ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব। তবে আলোচনার কেন্দ্রে রয়েছেন অলরাউন্ডার শিবম দুবে, যিনি বল হাতে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছেন। মাত্র ২ ওভারে ৪ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে তার সেরা বোলিং স্পেল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শিবম দুবে তার এই সাফল্যের কৃতিত্ব দিলেন দলের বোলিং কোচ মর্নি মর্কেলকে। তিনি বলেন, “ইংল্যান্ড সিরিজ থেকে আমি দলে ফেরার পর মর্নি আমার সঙ্গে অনেক পরিশ্রম করেছেন। তার দেওয়া কিছু নির্দিষ্ট পরামর্শ আমি মেনে চলছি।”
দুবে জানান, তার বোলিং রান আপে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং স্লোয়ার ডেলিভারি নিয়ে তিনি মর্কেলের সঙ্গে প্রচুর অনুশীলন করেছেন। তিনি বলেন, “কোচ এবং অধিনায়ক আমার উপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে পেরে আমি খুবই খুশি।”
গত দুই মাস ধরে ফিটনেসের পাশাপাশি বোলিংকে আরও ধারালো করতে শর্ট বল এবং স্লোয়ার বল নিয়েও তিনি কঠোর পরিশ্রম করেছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “টুর্নামেন্ট যত এগোবে, উইকেট তত স্লো হবে। আমি জানি তখন আমার স্লোয়ার ডেলিভারিগুলো আরও বেশি কার্যকরী হবে।”
এদিকে, ম্যাচের সেরা হয়ে কুলদীপ যাদব তার দুর্দান্ত পারফরম্যান্সের কৃতিত্ব দিয়েছেন নতুন ট্রেনারকে। মাত্র ১৩ বলে ৪ উইকেট নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন কুলদীপ। তিনি বলেন, “আমাদের ট্রেনার আদ্রিয়ানকে ধন্যবাদ জানাই। বোলিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও আমি কঠোর পরিশ্রম করছিলাম। এর ফল আজ পেয়েছি।”
কুলদীপ আরও বলেন, “সঠিক লেন্থে বল করা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটার কী করতে চাইছে, সেটা আগেই বুঝে নিয়ে সে অনুযায়ী বল করেছি। এভাবেই আমি সফল হয়েছি।”