ভুয়ো ভোটারদের পর এবার ‘ভুয়ো মন্ত্রী’র খোঁজে বিজেপি, এসআইআর নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার

‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) নিয়ে যখন দেশের রাজনীতিতে জোর বিতর্ক চলছে, তখন এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, এসআইআর চালু হলে শুধু ভুয়ো ভোটারের নামই নয়, অনেক ভুয়ো মন্ত্রীর তথ্যও সামনে আসতে পারে। এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তৎপরতা
দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তাদের (CEO) সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসআইআর সম্পর্কিত কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে এসআইআর লাগু হওয়া যে এখন কেবল সময়ের অপেক্ষা, সেই বিষয়ে অনেকেই নিশ্চিত।

সুকান্ত মজুমদার বলেন, “এসআইআর শুরু হোক। সবে তো কলির সন্ধ্যা। আরও অনেক কিছু পাওয়া যাবে। ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড। দেখা যাক, ভুয়ো মন্ত্রী, ভুয়ো বিধায়ক পাওয়া যায় কিনা।” তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে স্পষ্ট যে, এসআইআর হলে অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের ভুয়ো তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

তৃণমূলের প্রতিক্রিয়া
অন্যদিকে, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, যদি ভোটার তালিকা অগ্রাহ্য হয়, তাহলে সেই তালিকা অনুযায়ী নির্বাচিত হয়ে যারা প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হয়েছেন, তারাও অবৈধ। সুতরাং তার মতে, আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করুন এবং মন্ত্রিসভা ভেঙে দিন, তারপর দেশজুড়ে এসআইআর চালু করা হোক।