স্বামীকে আনফলো! মোনালি ঠাকুরের সংসারে ভাঙন, এবার কি বিবাহবিচ্ছেদ?

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা মোনালি ঠাকুরের ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডে তুঙ্গে। ২০১৭ সালে গোপনে সুইজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিখটারের সঙ্গে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের আট বছর পর তাঁদের বিচ্ছেদের খবর নিয়ে বলিপাড়ায় জোর আলোচনা চলছে। সম্প্রতি, মোনালি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে স্বামীর সঙ্গে সব ছবি সরিয়ে দিয়েছেন এবং দু’জনে একে-অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। এর মধ্যেই মোনালির একটি রহস্যময় পোস্ট এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

কী ইঙ্গিত দিলেন মোনালি?
সম্প্রতি মোনালি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন। এটি তাঁর আসন্ন একটি মিউজিক ভিডিওর ক্লিপ। ভিডিওতে দেখা যাচ্ছে, মোনালির ওপর শারীরিকভাবে আঘাত করা হচ্ছে এবং একইসঙ্গে তিনি হাসছেন, কিন্তু সেই হাসির মধ্যেই লুকিয়ে আছে গভীর যন্ত্রণা। এই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “এটাই কারণ।” তবে এই “কারণ” আসলে কিসের ইঙ্গিত, তা তিনি স্পষ্ট করেননি। এই ভিডিওটি মোনালির নিজের একটি পুরোনো গান ‘এক বার ফির’-এর অংশ।

নেটিজেনদের অনেকে মনে করছেন, এই ভিডিওতে গার্হস্থ্য হিংসার ইঙ্গিত রয়েছে এবং হয়তো এই কারণেই তাঁদের ডিভোর্স হচ্ছে। যদিও এই বিষয়ে গায়িকা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

কেন সম্পর্ক ভাঙছে?
মোনালি এবং মাইকের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ভৌগোলিক দূরত্বের কারণেই হয়তো এই সমস্যা তৈরি হয়েছে। দু’জনে ভিন্ন দেশে থাকেন এবং সময়ের সাথে তাঁদের সম্পর্কের মধ্যে অনেক কিছু বদলে গেছে। সূত্রটি আরও জানিয়েছে যে, আজকাল তাঁদের দম্পতি হিসেবে কেউ কথা বলে না। তবে এই গুঞ্জন নিয়ে মোনালি বা মাইক কেউই এখনো পর্যন্ত মুখ খোলেননি।