নজরদারিতে সাফল্য! দিল্লি ও রাঁচি থেকে গ্রেপ্তার দুই আইএসআইএস জঙ্গি, ভাঙল নাশকতার ছক

বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ স্পেশাল সেল এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। দেশজুড়ে চালানো অভিযানে দুই সন্দেহভাজন আইএসআইএস জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে সন্ত্রাসবাদী সংগঠনের সম্ভাব্য একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

দিল্লি পুলিশ স্পেশাল সেলের নেতৃত্বে মঙ্গলবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে আফতাব নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আফতাব মুম্বইয়ের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সে রাজধানী ও তার আশপাশের এলাকায় সক্রিয় ছিল। তার কাছ থেকে আইএসআইএস-এর প্রোপাগান্ডা ভিডিও এবং চ্যাট লগ-এর বেশ কিছু প্রমাণ মিলেছে।

একই সঙ্গে ঝাড়খণ্ড অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) রাঁচির ইসলামনগর থেকে আশার দানিশ নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। দানিশ মূলত ঝাড়খণ্ডের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সে পরিচয় গোপন করে বসবাস করছিল। তার কাছ থেকে একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ এবং সন্দেহজনক নথি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দানিশ অনলাইনে আইএসআইএস-এর সঙ্গে যুক্ত ছিল এবং নতুন সদস্য সংগ্রহের কাজেও জড়িত থাকতে পারে।

এই দুই গ্রেপ্তারের পর দিল্লি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের ১২টিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান চলছে। এ পর্যন্ত ৮ জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপটেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে তরুণদের আইএসআইএস নেটওয়ার্কে যুক্ত করার চেষ্টা করা হচ্ছিল।

এই ঘটনার পর দিল্লি, রাঁচি ও মুম্বই-সহ বড় শহরগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মেট্রো স্টেশন, বিমানবন্দর এবং জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এনআইএ-সহ অন্যান্য সংস্থা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো নেটওয়ার্কের তথ্য বের করার চেষ্টা করছে।