সকালের জলখাবারে অতিরিক্ত পাউরুটি খাচ্ছেন? ঠিক করছেন কি? জেনেনিন

কর্মব্যস্ত জীবনে চলার পথকে সহজ করতে মানুষ এখন অনেক কিছুই দ্রুত সেরে ফেলতে চায়। সকালের নাস্তাও তার ব্যতিক্রম নয়। তাড়াহুড়োতে অনেকেই দুটি পাউরুটির সাথে মাখন ও জেলি খেয়েই দিনের শুরু করেন। কিন্তু অতিরিক্ত পাউরুটি খাওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকর, তা হয়তো অনেকেরই অজানা।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত পাউরুটি খেলে তা শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং একাধিক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক, অতিরিক্ত পাউরুটি খেলে আমাদের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে:

মানসিক অবসাদ বৃদ্ধি: আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, পাউরুটি খাওয়ার ফলে শরীরে কিছু বিশেষ হরমোনের ক্ষরণ বাড়ে, যা মানসিক অবসাদ বৃদ্ধি করতে পারে।

কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি ও হৃদরোগের ঝুঁকি: গবেষণায় দেখা গেছে, নিয়মিত ময়দাজাতীয় খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ে। উচ্চ কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে তোলে।

ওজন বৃদ্ধি: পাউরুটি খাওয়ার পর শরীরে শর্করা এবং কার্বোহাইড্রেটের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে শরীরে অতিরিক্ত মেদ জমে এবং ওজন বাড়তে শুরু করে।

ডায়াবেটিসের ঝুঁকি: প্রতিদিন পাউরুটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। দীর্ঘমেয়াদী এই প্রবণতা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিস হলে উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে।

অপুষ্টি: পাউরুটি খেলেও পেট ভরতে পারে, তবে এটি শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে না। বরং, ময়দার তৈরি খাবার ক্ষুধা আরও বাড়িয়ে তোলে। ক্ষুধার্ত অবস্থায় প্রতিদিন পাউরুটি খেলে অপুষ্টির শিকার হওয়ার সম্ভাবনা থাকে।

সুতরাং, শুধুমাত্র সহজলভ্যতার কারণে অতিরিক্ত পাউরুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। সকালের নাস্তায় পাউরুটির পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং এর পরিবর্তে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত।