বাংলার বুকে বাঙালিকে হেনস্তা, হিন্দি না বলায় ‘বাংলাদেশি’ তকমা দিয়ে চাকরি থেকে ছাঁটাই

এরাজ্যে থেকেই বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ এক ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ উঠল। হিন্দি না-বলায় তাঁকে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র গৌতম দেব।
শিলিগুড়ির বাবুপাড়ার বাসিন্দা অভিষেক সেনগুপ্ত গত মার্চ মাসে ‘টি লিঙ্কার্স অ্যান্ড বনসল টি’ নামের একটি সংস্থায় এইচআর ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন। তাঁর অভিযোগ, সংস্থার মালিকপক্ষ সংখ্যালঘু কর্মীদের নিয়োগে আপত্তি জানাত। এক সংখ্যালঘু নিরাপত্তা কর্মীকে ছাঁটাই করার পর অভিষেক তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়ায় কর্তৃপক্ষের রোষানলে পড়েন।
অভিষেক জানান, এরপর থেকেই তাঁকে মানসিকভাবে হেনস্তা করা শুরু হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে সরাসরি বলা হয়, অফিসে কেবল হিন্দিতে কথা বলতে হবে। বাংলায় কথা বলা নিষেধ। এখানেই শেষ নয়, তাঁকে ‘ওপার বাংলা থেকে এসে নাম ভাঁড়িয়ে হিন্দু সেজে’ থাকার কথাও বলা হয়।
মেয়রের কড়া হুঁশিয়ারি
অভিষেক প্রথমে শিলিগুড়ি থানায় অভিযোগ জানাতে গেলে কোনো সাহায্য পাননি। এরপর তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে গেলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত তিনি ‘টক-টু মেয়র’ কর্মসূচিতে ফোন করে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে গোটা বিষয়টি জানান। অভিযোগ পেয়েই মেয়র সরাসরি অভিষেকের বাড়িতে পৌঁছে যান।
সংবাদমাধ্যমের সামনেই মেয়র বলেন, “যতই ক্ষমতাবান হোক না কেন, বাংলায় থেকে বাঙালিকে হেনস্তা করা বরদাস্ত করা হবে না।” তিনি পুলিশ প্রশাসনকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গৌতম দেব আরও বলেন, “আমি নিজে এখানকার ভূমিপুত্র, বাংলায় এ ধরনের ঘটনা চলতে দেওয়া হবে না।” এই ঘটনায় মেয়রের হস্তক্ষেপে পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে।