দুর্গাপুরে এবার ‘ব্যাংকক’, তাক লাগাতে ১৫০ ফুটের বৌদ্ধ মন্দির বানাচ্ছে অগ্রণী

দুর্গাপুজোয় দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দিতে এবার থাইল্যান্ডের ব্যাংকক শহরকে তুলে আনছে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। এই প্রথম শিল্পাঞ্চলে তৈরি হচ্ছে ব্যাংককের বিখ্যাত বৌদ্ধ মন্দির ‘ওয়াট অরুণ’-এর আদলে এক বিশাল মণ্ডপ। ১৫০ ফুট উচ্চতার এই মণ্ডপটি এবারের পুজোয় অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে।

৫৮ তম বর্ষে পা রাখা এই পুজো কমিটি তাদের মণ্ডপকে আরও আকর্ষণীয় করতে ব্যবহার করছে লক্ষ লক্ষ সামুদ্রিক শামুক এবং ঝিনুক। বাঁশ, কাঠের বাতাম ও কাপড় দিয়ে তৈরি এই মণ্ডপটির কারুকার্য এখন জোরকদমে চলছে। এই বিশাল কর্মযজ্ঞের বাজেট প্রায় ৬০ লক্ষ টাকা, যা শিল্পাঞ্চলে পুজোর বাজেটের মধ্যে অন্যতম বড়।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর ‘অগ্রণী’র পুজো দেখতে দুর্গাপুর সহ আশপাশের জেলা থেকেও বহু মানুষ ভিড় করেন। বেনাচিতি হাইস্কুলের মাঠে তৈরি হচ্ছে এই বিশাল মণ্ডপ, যা দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী উদ্যোক্তারা।