স্বামীর বুকে বসে গলা টিপে খুনের চেষ্টা, প্রেমিকের সঙ্গে বীভৎস ষড়যন্ত্র, স্ত্রী এখন পুলিশের জালে

বিবাহবহির্ভূত সম্পর্কে ‘কাঁটা’ স্বামী! তাই তাঁকে সরিয়ে দিতে এক বীভৎস ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন এক স্ত্রী। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টা করেন তিনি। যদিও শেষ মুহূর্তে প্রাণে বেঁচে যান সেই যুবক। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিজয়পুরা জেলায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে এবং পলাতক প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
কী ঘটেছিল সেই রাতে?
পুলিশ সূত্রে জানা গেছে, এই নৃশংস ঘটনাটি ঘটেছিল ১ সেপ্টেম্বর আক্কামাহাদেবী নগরে। বিরাপ্পা মায়াপ্পা পূজারি (৩৬) তাঁর স্ত্রী সুনন্দা এবং দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। সুনন্দা সিদাপ্পা কাটাকারে নামের এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সম্পর্ক বজায় রাখতে স্বামীকে ‘চিরতরে গায়েব’ করার পরিকল্পনা করেন তিনি।
ঘটনার দিন রাতে বিরাপ্পা ঘুমিয়ে ছিলেন। হঠাৎই সুনন্দা তাঁর বুকের ওপর বসে পড়েন এবং গলা ও যৌনাঙ্গ টিপে ধরে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন। সেই মুহূর্তে তিনি চিৎকার করে প্রেমিক সিদাপ্পাকে ডেকে বলেন, “ওকে শেষ করে দাও!” বিরাপ্পা কোনোমতে স্ত্রীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলে, চিৎকারের শব্দে বাড়ির মালিকের ঘুম ভেঙে যায়। তিনি দরজা ধাক্কাতে শুরু করেন। এসময় বিরাপ্পার ৮ বছরের ছেলে দরজা খুলে দিলে বাড়ির মালিক ঘরে ঢুকে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে সিদাপ্পা ও তার সহযোগী পালিয়ে যায়।
ভিডিও সূত্র ধরে গ্রেপ্তার
এই ঘটনার পর সিদাপ্পা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করেন যে সুনন্দা তাঁকে এই ষড়যন্ত্রে জড়িয়েছিলেন। সেই ভিডিওতে সুনন্দার কথা শোনা যাচ্ছিল। এই ভিডিও এবং বিরাপ্পার অভিযোগের ভিত্তিতে পুলিশ সুনন্দাকে গ্রেপ্তার করে। বিরাপ্পা এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
এদিকে, পলাতক সিদাপ্পা ও তাঁর সহযোগীর খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় বিরাপ্পার পরিবার এবং এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।