গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, সংঘর্ষে অসুস্থ একাধিক পড়ুয়া

ভর্তির ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে সোমবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভর্তি ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ চলাকালীন টিএমসিপি-র বহিরাগতরা এসে তাদের ওপর হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলা বিভাগে ভর্তি ফি ছিল ২৩০০ টাকা, যা এখন বাড়িয়ে ৪৮২০ টাকা করা হয়েছে। একইভাবে, বিজ্ঞান বিভাগে ৩৭২০ টাকা থেকে বাড়িয়ে তা ৬৮২০ টাকা করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, দুই মাস আগে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস ফি না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সম্প্রতি নোটিশ জারি করে এই বর্ধিত ফি’র কথা জানানো হয়।
শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছিল। কিন্তু অভিযোগ, বহিরাগতরা এসে তাদের ওপর হামলা করে এবং জোর করে গেট খুলে দেয়। ধস্তাধস্তিতে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এক ছাত্রী অভিযোগ করে বলেন, “তৃণমূলের দালালরা এসে আমাদের মারধর করে অবরোধ তুলে দিল। ওরা গৌড়বঙ্গের কেউ নয়, বহিরাগত।” আরেক ছাত্রী জানান, তারা রেজিস্ট্রারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি আসেননি, এবং বাইরে থেকে আসা অচেনা লোকজন তাদের ওপর চড়াও হয়।
অন্যদিকে, যারা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে, তাদের একাংশ দাবি করেছে যে, সকাল থেকে গেট বন্ধ থাকায় অন্যান্য কলেজের শিক্ষার্থীরা তাদের কাজের জন্য ভেতরে প্রবেশ করতে পারছিল না, তাই তাদের সঙ্গেই এই ধস্তাধস্তি হয়।
দীর্ঘ নয় বছর পর স্নাতকোত্তরের ফি দ্বিগুণ করা হয়েছে। দুই মাস আগে ছাত্র বিক্ষোভের জেরে ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে গেলেও, এবার ফি না কমানোর সিদ্ধান্ত নিয়ে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।