বালি পাচার তদন্তে ইডি-র বড় অভিযান, ঝাড়গ্রামের ‘বেতাজ বাদশা’ জাহিরুল শেখের বাড়িতে তল্লাশি

পশ্চিমবঙ্গে বেআইনি বালি পাচারের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, প্রায় ১০০ জন আধিকারিক ২২টি দলে ভাগ হয়ে কলকাতা-সহ বিভিন্ন জেলায় তল্লাশি চালাচ্ছেন। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকার সুবর্ণরেখা নদীর বালি পাচার চক্রের ওপর বিশেষ নজর রয়েছে ইডি-র।
তদন্তকারী সংস্থার মতে, এই পাচার চক্রে বৈধভাবে লিজ নেওয়া বালি খাদান থেকে অতিরিক্ত বালি তোলা হয় এবং তা অবৈধভাবে পাচার করা হয়। মোটা অঙ্কের কালো টাকা বিভিন্ন সংস্থার মাধ্যমে বিনিয়োগ করে সাদা করার প্রক্রিয়াও চলছিল বলে ইডি সন্দেহ করছে। এই অবৈধ লেনদেনের পথ খুঁজে বের করতে তদন্তকারীরা কাজ করছেন।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-এর বাসিন্দা শেখ জাহিরুল আলি-কে এই বালি চক্রের ‘বেতাজ বাদশা’ বলে মনে করা হচ্ছে। ইডি সূত্রের খবর, এক সময় সাইকেল মেকানিক এবং ভিলেজ পুলিশ হিসেবে কাজ করা এই ব্যক্তি বালি ব্যবসার মাধ্যমে রাতারাতি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। স্থানীয়দের দাবি, বছর কয়েক আগেও তার পরিবার একটি কুঁড়ে ঘরে থাকত, কিন্তু এখন তাদের একটি বিশাল অট্টালিকা রয়েছে। তার বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়ারও অভিযোগ রয়েছে।
সোমবার সকাল থেকে জাহিরুলের বাড়িতে ইডি-র তল্লাশি চলছে। একই সঙ্গে কলকাতার রিজেন্ট পার্ক, সল্টলেক-সহ আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এবং বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।