ক্রেডিট কার্ডের লিমিট বাড়ালে কি ক্রেডিট স্কোর বাড়ে? জেনে নিন আসল সত্যি

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ক্রেডিট স্কোর নিয়ে মানুষের সচেতনতা অনেক বেড়েছে। ক্রেডিট স্কোর ভালো থাকলে ব্যক্তিগত ঋণের মতো আর্থিক সুবিধা পেতে সুবিধা হয়। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কাছে ব্যাংক প্রায়শই ক্রেডিট লিমিট বাড়ানোর প্রস্তাব দেয়। কিন্তু এই প্রস্তাব কি গ্রহণ করা উচিত?
ক্রেডিট লিমিট বাড়ালে কী হয়?
ক্রেডিট লিমিট হলো ক্রেডিট কার্ডে খরচ করার মাসিক সীমা। আপনি যদি নিয়মিত কার্ড ব্যবহার করেন এবং বিল পরিশোধ করেন, তবে ব্যাংক আপনাকে এই সীমা বাড়ানোর প্রস্তাব দিতে পারে। এই প্রস্তাব গ্রহণ করলে সরাসরি আপনার ক্রেডিট স্কোরের ওপর প্রভাব না পড়লেও, ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও-তে পরিবর্তন আসে।
- ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কী: এটি হলো আপনার মোট ক্রেডিট সীমার কত শতাংশ আপনি ব্যবহার করছেন, তার অনুপাত। যেমন: আপনার ক্রেডিট লিমিট যদি ১ লক্ষ টাকা হয় এবং আপনি মাসে ৪০ হাজার টাকা খরচ করেন, তবে আপনার ইউটিলাইজেশন রেশিও হলো ৪০ শতাংশ।
কেন লিমিট বাড়ানো লাভজনক?
আর্থিক বিশেষজ্ঞদের মতে, ভালো ক্রেডিট স্কোরের জন্য ইউটিলাইজেশন রেশিও ৩০ শতাংশের নিচে রাখা ভালো। আপনার ক্রেডিট লিমিট ১ লক্ষ টাকা থেকে বেড়ে ১.৫ লক্ষ টাকা হলে, কিন্তু আপনার খরচ ৪০ হাজার টাকাই থাকলে, আপনার ইউটিলাইজেশন রেশিও কমে দাঁড়ায় ২৬.৬৭ শতাংশ। এই রেশিও কমে যাওয়া ক্রেডিট স্কোর বাড়াতে সাহায্য করে।
তবে মনে রাখবেন, এই প্রস্তাব গ্রহণ করার পর যদি আপনার খরচ বেড়ে যায় এবং অপ্রয়োজনীয় কেনাকাটা শুরু করেন, তবে ঋণের জালে জড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। সময়মতো বিল পরিশোধ করতে না পারলে আপনার ক্রেডিট স্কোর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই, যদি আপনার আর্থিক শৃঙ্খলা থাকে, তবেই এই প্রস্তাব গ্রহণ করা আপনার জন্য লাভজনক হতে পারে।