দুর্গাপুজোর আগেই বঙ্গে নতুন করে দুর্যোগের পূর্বাভাস, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে?

পুজোর মুখে যেন বাংলার আকাশ-বাতাস বদলে গেল। এক দফায় বৃষ্টির পর এখন সবাই জানতে চাইছে, কবে আবার শুরু হবে বৃষ্টি, আর কবেই বা আবহাওয়া স্বাভাবিক হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই সপ্তাহে উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে।

আজ, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এবং ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি।

বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আবার কমবে এবং অস্বস্তি বাড়বে।

উত্তরবঙ্গে এই সপ্তাহেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, এবং কোচবিহার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার: আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার: জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।

বুধবার: দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার: কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে।

শুক্রবার ও শনিবার: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি চলতে পারে।