আইফোন ব্যবহারকারীদের জন্য বড় খবর, বিনামূল্যে আসছে অ্যাডোবি প্রিমিয়ার, হাতের মুঠোয় এবার প্রফেশনাল ভিডিও এডিটিং

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এবার দারুণ এক সুখবর নিয়ে এলো অ্যাডোবি। জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রথমবারের মতো আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে। এতদিন আইফোনে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু নতুন এই অ্যাপ সেই সমস্যা দূর করতে চলেছে।

রিপোর্ট অনুযায়ী, এই মাসের শেষ নাগাদ নতুন এই অ্যাপটি চালু হবে। সবচেয়ে বড় বিষয় হলো, অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এতে ডেস্কটপ সংস্করণের অনেক গুরুত্বপূর্ণ টুলস থাকবে, যা এতদিন শুধু কম্পিউটারেই ব্যবহার করা যেত।

কেন এই অ্যাপ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গেমচেঞ্জার?

ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, ও টিকটকের মতো শর্ট-ফর্ম ভিডিওর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল থেকে সরাসরি ভিডিও এডিটিংয়ের চাহিদা বেড়েছে। অ্যাডোবির এই পদক্ষেপ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বড় সুবিধা। এখন তারা কোনো থার্ড পার্টি অ্যাপের উপর নির্ভর না করেই সরাসরি আইফোন থেকে পেশাদার মানের ভিডিও তৈরি করতে পারবেন। এতে ভিডিও এডিটিং হবে আরও সহজ ও শক্তিশালী।

কী কী ফিচার থাকছে এই অ্যাপে?

এই নতুন অ্যাপে ডেস্কটপ সংস্করণের কিছু জনপ্রিয় ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

মাল্টি-ট্র্যাক টাইমলাইন ও কালার-কোডেড লেয়ার: একাধিক ভিডিও, অডিও ও টেক্সট লেয়ার নিয়ে একসঙ্গে কাজ করার সুবিধা।

4K HDR এডিটিং সাপোর্ট: উচ্চমানের ভিডিও এডিট করার সুযোগ।

অটোমেটিক ক্যাপশন ও সাবটাইটেল: ভিডিওর জন্য স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন এবং সাবটাইটেল তৈরি করা যাবে।

ভয়েসওভার রেকর্ডিং: সরাসরি অ্যাপেই ভয়েসওভার রেকর্ড করা যাবে।

অ্যাসসেস টু অ্যাডোবি স্টক ফ্রি অ্যাসেটস ও ফন্টস: বিনামূল্যে স্টক ফুটেজ, গ্রাফিক্স ও ফন্ট ব্যবহার করার সুযোগ।

অন্যান্য ফ্রি অ্যাপের মতো এই অ্যাপে এডিট করা ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না, যা পেশাদার ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এআই-এর জাদু!

অ্যাডোবির এই অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) যুক্ত করা হয়েছে। অ্যাডোবি ফায়ারফ্লাই-এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু টেক্সট প্রম্পট লিখে ছবি, সাউন্ড বা ভিডিওর উপাদান তৈরি করতে পারবেন। আরও কিছু এআই ফিচার হলো:

Enhance Speech: নয়েজ বা ব্যাকগ্রাউন্ডের কোলাহল দূর করে ভয়েস ক্লিয়ার করবে।

Generative Sound Effects: ভিডিওর মুড অনুযায়ী কাস্টম সাউন্ড এফেক্ট তৈরি করবে।

সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট

অ্যাপটি বিশেষভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এক ট্যাপেই ভিডিও এক্সপোর্ট করে ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মের জন্য স্বয়ংক্রিয়ভাবে রিসাইজ করা যাবে। জটিল প্রোজেক্টের ক্ষেত্রে, ডেস্কটপ সংস্করণ Premiere Pro-তেও সহজে কাজ চালিয়ে নেওয়া যাবে।

অ্যাডোবি জানিয়েছে, আইফোন অ্যাপটি চলতি মাসেই লঞ্চ হচ্ছে এবং অ্যান্ড্রয়েড সংস্করণের কাজও চলছে, যদিও এর মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি।