পরীক্ষা কেন্দ্রে কী কী নিয়ে যাবেন, আর কী নেবেন না, জেনে নিন SSC-র জরুরি নির্দেশ

৮ বছর পর অবশেষে আজ (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর বহু প্রতীক্ষিত শিক্ষক নিয়োগ পরীক্ষা। নবম-দশম শ্রেণির শিক্ষক পদের জন্য এই পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে, এবং ১৪ সেপ্টেম্বর হবে একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে এসএসসি, যা না মানলে সমস্যায় পড়তে হতে পারে।
পরীক্ষার জন্য কী কী জরুরি?
অ্যাডমিট কার্ড ও পরিচয়পত্র: পরীক্ষার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ডের সঙ্গে আসল সচিত্র পরিচয়পত্র (আধার বা ভোটার কার্ড) নিয়ে যেতে হবে। এছাড়াও, পরিচয়পত্রের একটি স্ব-প্রত্যয়িত (self-attested) জেরক্স কপিও সঙ্গে রাখতে হবে।
কলম: শুধুমাত্র কালো বা নীল স্বচ্ছ বলপেন ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। যদিও এসএসসি জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রেও কলম দেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্রের নিয়মাবলী
সময়মতো পৌঁছানো: পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়। পরীক্ষার্থীদের কমপক্ষে ২ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।
যেসব জিনিস নিষিদ্ধ: ক্যালকুলেটর, মোবাইল ফোন, বা কোনো ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন ভেন্যু ইনচার্জের কাছে জমা রাখতে হবে। জলের বোতলে কোনো স্টিকার থাকা চলবে না।
পরীক্ষা চলাকালীন: পরীক্ষা শেষ হবে দুপুর ১:৩০ মিনিটে। এর আগে কোনো পরীক্ষার্থী কেন্দ্র থেকে বের হতে পারবেন না।
নিরাপত্তা ব্যবস্থা: সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পরীক্ষার্থীদের ওএমআর শিট এবং অ্যাটেনডেন্স শিটে স্বাক্ষর করতে হবে।
এই নিয়মগুলো মেনে চললে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।