কেন ৪ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী? ক্ষোভ উগড়ে প্রশ্ন শুভেন্দু অধিকারী

রাজ্যের সরকারি অনুষ্ঠানে ৫ই সেপ্টেম্বরের বদলে ৪ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, রাজ্যে শিক্ষক দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনকেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা হচ্ছে।

শুভেন্দু অধিকারী বলেন, “সারাদেশে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। কিন্তু পশ্চিমবঙ্গে ৪ সেপ্টেম্বর সরকারি অনুষ্ঠানে শিক্ষক দিবস পালন করা হলো। এর পেছনে একটাই কারণ, ৫ সেপ্টেম্বর রাজ্যজুড়ে শিক্ষক সংগঠনগুলো ডিএ (মহার্ঘ ভাতা) এবং নিয়োগের দাবিতে আন্দোলন করবে।” তাঁর মতে, এই আন্দোলনকে এড়াতে এবং শিক্ষকদের একত্রিত হতে না দিতেই সরকার তড়িঘড়ি একদিন আগে অনুষ্ঠানটি সেরে নিয়েছে।

শুভেন্দু অধিকারী আরও বলেন, “ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণকে সম্মান জানানোর জন্য সারা দেশ ৫ সেপ্টেম্বর দিনটিকে বেছে নিয়েছে। এই দিনটিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা শিক্ষকদের প্রতি এক ধরনের অসম্মান।” তিনি অভিযোগ করেন, রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতি সত্ত্বেও সরকার শিক্ষকদের সম্মান জানানোর নামে লোক দেখানো অনুষ্ঠান করছে।

এই ঘটনায় রাজ্যের শিক্ষক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই শুভেন্দু অধিকারীর মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক বিতর্ক হিসেবে দেখছেন।