SSC-র প্রশ্নপত্র আগেই ফাঁস করে দেব! পোস্ট করতেই গ্রেফতার বিজেপি কর্মী, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে

স্কুল সার্ভিস কমিশনের (SSC) আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ফেসবুকে ভুয়ো পোস্ট করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন এক যুবক। মুর্শিদাবাদের বাসিন্দা পরিচয় দিয়ে অনির্বাণ পাল নামে ওই যুবক সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে, তিনি আসন্ন SLST পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরীক্ষার দু’দিন আগেই সরবরাহ করতে পারেন।
ঘটনাটি পুলিশের নজরে আসার পরই শুরু হয় তদন্ত। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জানতে পারে, ওই যুবক আসলে চন্দ্রকোণা থানার লোড়পুর গ্রামের বাসিন্দা। পাবলিক পরীক্ষা ব্যবস্থাকে কলুষিত এবং পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, ভুয়ো পোস্ট করার জন্য ওই যুবকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই ঘটনা নতুন মোড় নেয় যখন ধৃতের রাজনৈতিক যোগের অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে, গ্রেফতার হওয়া যুবক বিজেপির সক্রিয় কর্মী।
এই বিষয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলার সেক্রেটারি মৃত্যুঞ্জয় মণ্ডল এই অভিযোগ অস্বীকার করে বলেন, “বিজেপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এটি তৃণমূলের চক্রান্ত হতে পারে।”
অন্যদিকে, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি কটাক্ষ করে বলেন, “বিজেপি কর্মীই তো গ্রেফতার হল। ওরা সবাই ফেক। বাংলার ছেলেদের চাকরি না পেতে দেওয়াই ওদের উদ্দেশ্য।”
বর্তমানে পুলিশ কর্মকর্তারা তদন্ত করছেন, কেন যুবক এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট করেছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে, এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট থেকে দূরে থাকতে এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।