কসাইখানার পাশে পড়ে মহিলার কাটা মুণ্ড! স্বামী বললেন, ‘১৭ টুকরো করে গোটা শহরে ফেলে এসেছি’, অবাক স্থানীয়রা

মুম্বাইয়ের ভিওয়ান্ডিতে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। স্ত্রীকে নির্মমভাবে খুন করে দেহ ১৭ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে স্বামী। শুধু তাই নয়, নৃশংসতার চূড়ান্ত সীমায় পৌঁছে শরীর থেকে মাথাও আলাদা করে ফেলে। এই হাড়হিম করা অপরাধের অভিযোগে পুলিশ স্বামী তাহা-কে গ্রেপ্তার করেছে।
৩০ আগস্ট, ভিওয়ান্ডি শহরের একটি কসাইখানার পাশে এক মহিলার কাটা মুণ্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মুণ্ডটি উদ্ধার করে তদন্ত শুরু করে। এই সূত্র ধরেই তারা ২৫-২৮ বছর বয়সী মৃত পারভিন ওরফে মুসকানের স্বামী তাহা-র কাছে পৌঁছায়।
জিজ্ঞাসাবাদের মুখে তাহা স্বীকার করে যে, আফটার সেক্স স্ত্রীকে সে খুন করেছে। এখানেই শেষ নয়, খুনের পর দেহটিকে ১৭ টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছে। যদিও খুনের কারণ সম্পর্কে তাহা বারবার তার বক্তব্য পরিবর্তন করছে, যা পুলিশকে বিভ্রান্ত করছে।
ঘটনার দু’দিন আগে থেকেই মুসকানের মা হানিফা খান মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তাই তিনি পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। কাটা মুণ্ড উদ্ধারের পর পুলিশ মুসকানের মাকে সেই ছবি দেখালে তিনি নিজের মেয়েকে শনাক্ত করেন এবং জামাই তাহার নাম বলেন। এরপরই পুলিশ তাহাকে গ্রেফতার করে।
বর্তমানে পুলিশ ও দমকল বাহিনী শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা দেহের বাকি অংশগুলো খুঁজছে। এই ভয়ংকর খুনের ঘটনা তদন্তের জন্য ডেপুটি কমিশনার ও অ্যাসিস্টেন্ট কমিশনারের নেতৃত্বে দুটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।