“মোদীর সঙ্গে ‘বন্ধুই’ থাকব”-১৮০ ডিগ্রি ঘুরে মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, কিন্তু কেন?

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ফের একবার শোরগোল বিশ্বজুড়ে। কিছুদিন আগেও ভারত ও রাশিয়াকে চীনের কাছে ‘হারিয়ে ফেলার’ জন্য আক্ষেপ করছিলেন তিনি। আবার তার কয়েক ঘণ্টার মধ্যেই সুর বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের গভীর বন্ধুত্বের কথা তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট। মতপার্থক্য থাকলেও তাঁদের এই বন্ধুত্ব অটুট থাকবে বলে দাবি করেছেন তিনি।

চিনের কাছে কি আমেরিকা ভারতকে হারিয়ে ফেলেছে? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ঠিক তেমন নয়, তবে ভারত যে রাশিয়া থেকে এত তেল কিনছে, তাতে আমি খুবই হতাশ। আমি এই বিষয়ে খোলাখুলি জানিয়েছি এবং আমরা ভারতের উপর মোটা অঙ্কের শুল্কও চাপিয়েছি।’

তবে এই সমালোচনার পরেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা মনে করিয়ে দিতে ভোলেননি। ট্রাম্প বলেন, ‘মোদীর সঙ্গে আমার সম্পর্ক অসাধারণ। আপনারা সবাই জানেন, উনি একজন দুর্দান্ত মানুষ। কয়েক মাস আগেই উনি এখানে এসেছিলেন।’ শুধু তাই নয়, ট্রাম্প মোদীকে একজন ‘গ্রেট প্রাইম মিনিস্টার’ বলেও প্রশংসা করেন।

এর আগে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একসঙ্গে দেখা যাচ্ছে। ছবির নিচে তিনি লেখেন, ‘ওয়াশিংটন এবং নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে।’ তাঁর দাবি, ‘ভারত এবং রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ছিনিয়ে নিয়েছে চিন।’

তবে এর কয়েক ঘণ্টা পরই সাংবাদিক সম্মেলনে ভারতের সঙ্গে বিশেষ সম্পর্ক নিয়ে জোর দেন ট্রাম্প। তিনি বলেন, ‘ভারত ও আমেরিকার সম্পর্কটা একেবারেই আলাদা। মাঝে মধ্যে মতের অমিল হতেই পারে, কিন্তু আমি আর মোদী সবসময় বন্ধু থাকব।’ ভারত-আমেরিকা সম্পর্ক নতুন করে গড়ে তোলার প্রশ্নে ট্রাম্পের জবাব, ‘আমি মোদীর সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখব। প্রধানমন্ত্রী হিসাবে উনি দারুণ। যদিও সত্যি বলতে, বর্তমানে উনি যা করছেন, তা আমার পছন্দ হচ্ছে না। কিন্তু ভারত-আমেরিকার সম্পর্ক স্পেশাল, এই নিয়ে চিন্তার কিছু নেই। মাঝেমধ্যে এমনটা হতেই পারে।’