কলকাতায় ২৫ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফতার এক যুবক কোথায় থেকে এল এই বিপুল পরিমাণ টাকা, তদন্তে পুলিশ

পুজোর প্রাক্কালে কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকায় উদ্ধার হলো বিপুল অঙ্কের নগদ টাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরনো চায়না বাজার থেকে ২৫ লক্ষ টাকা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
যেভাবে উদ্ধার হলো টাকা
গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দারা পুরনো চায়না বাজারে অভিযান চালায়। বিক্রম চাঁদ মার্কেটের সামনে থেকে সঞ্জীব মজুমদার (৪৯) নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাকে আটক করে তল্লাশি চালাতেই একটি থলির মধ্যে ২৫ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। এই বিপুল অঙ্কের টাকা পুরোটাই ৫০০ টাকার নোটে ছিল।
ধৃত হুগলির বাসিন্দা
জিজ্ঞাসাবাদে সঞ্জীব টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি এবং কোনো বৈধ নথি দেখাতে পারেননি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ধৃত সঞ্জীব মজুমদার হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা।
লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় আর কারা জড়িত, তা জানতে সঞ্জীবকে জেরা করা হচ্ছে। পুলিশ জানার চেষ্টা করছে, এত টাকা কোথা থেকে এসেছে এবং কার কাছে তা হস্তান্তর করার কথা ছিল। পুজোর মুখে এমন বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধারের ঘটনায় পুলিশ ও গোয়েন্দা মহল সতর্ক হয়েছে।