১০০ কোটির মামলায় ভয় পাই না’, মিঠুনকে কোর্টে তুলবেন কুণাল, ফিরিয়ে আনছেন ‘রাজীব কুমার মডেল

বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর দায়ের করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় বিন্দুমাত্র বিচলিত নন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। বরং তিনি এই মামলা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন। কুণাল ঘোষের দাবি, আদালতে তিনি ‘রাজীব কুমার মডেল’-এর সাহায্য নিয়ে মিঠুনকে আইনি লড়াইয়ে অস্বস্তিতে ফেলবেন।
‘রাজীব কুমার মডেল’ কী?
কুণাল ঘোষ জানিয়েছেন, আদালতে তিনি আবেদন করবেন যেন তাকে মিঠুনের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। তাদের জেরা চলাকালীন সিবিআইয়ের একজন অফিসারও সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন। কুণালের দাবি, তার কাছে এমন কিছু নথি ও সাক্ষী রয়েছে, যা আদালতে পেশ করলে মিঠুনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে।
সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের সময় কুণাল ঘোষ নিজেই তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিলেন। এরপর শিলং-এ তাদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এবারও মিঠুনের বিরুদ্ধে সেই একই পদ্ধতি অনুসরণ করতে চান কুণাল।
মিঠুনের অভিযোগ ও কুণালের প্রস্তুতি
মিঠুন চক্রবর্তীর অভিযোগ, কুণাল ঘোষ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার এবং তার পরিবারের বিরুদ্ধে ‘ভিত্তিহীন ও কুরুচিকর’ মন্তব্য করেছেন। চিটফান্ড কেলেঙ্কারিতে মিঠুনের জড়িত থাকা, তার ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা এবং স্ত্রীর আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ সবই মিথ্যা বলে দাবি করেছেন মিঠুন। এসব অভিযোগের বিরুদ্ধে মানহানি হয়েছে দাবি করে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
অন্যদিকে, কুণাল ঘোষ জানিয়েছেন তিনি সমস্ত নথিপত্র জোগাড় করতে শুরু করেছেন। সারদা ও রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড সংস্থার সঙ্গে মিঠুনের আর্থিক লেনদেন সংক্রান্ত প্রমাণ তিনি আদালতে পেশ করবেন বলে দাবি করেছেন। কুণাল আরও বলেন, একসময় মিঠুন চক্রবর্তীকে তিনি ‘দাদা’ বলে মনে করতেন, কিন্তু এখন সেই সম্পর্কের তিক্ততার জবাব তিনি কোর্টেই দেবেন।