টিকিট কেটেই উঠেছিলেন AC ট্রেনে, যাত্রীকে জরিমানা গুনতে হলো ৩৪০ টাকা!

‘বনগাঁ লোকাল’ মানেই ভিড় আর ঘামে ভেজা যাত্রার দিন শেষ। শুক্রবার থেকে শিয়ালদহ-বনগাঁ রুটে চালু হয়েছে এসি লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু প্রথম দিনেই এক যাত্রী টিকিট কেটেও পড়লেন বিপাকে। সাধারণ লোকালের টিকিট নিয়ে এসি ট্রেনে উঠে ধরা পড়ে তাকে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা।
ঘটনাটি ঘটে ঠাকুরনগর স্টেশনে। মধু নামের এক যাত্রী তাড়াহুড়ো করে শিয়ালদহ যাওয়ার জন্য সাধারণ লোকালের টিকিট কেটে ট্রেনে উঠে পড়েন। কিন্তু তিনি বুঝতে পারেননি, সেটি ছিল সদ্য চালু হওয়া এসি লোকাল ট্রেন। ট্রেনে উঠে টিটিই-র সামনে পড়তেই তার ভুল ধরা পড়ে। রেলের নিয়ম অনুযায়ী, এসি ট্রেনে ভ্রমণ করার জন্য এসি টিকিট বাধ্যতামূলক। টিটিই তখন ওই যাত্রীকে নিয়মমাফিক ৩৪০ টাকা জরিমানা করেন। জানা গেছে, ওই যাত্রী ওডিশার বাসিন্দা ছিলেন।
প্রথম দিনেই বনগাঁ লাইনের এসি লোকাল ট্রেনকে ঘিরে যাত্রীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ। রেল সূত্রে জানা গেছে, রানাঘাট-শিয়ালদহ রুটের চেয়েও বনগাঁ লাইনে প্রথম দিনে অনেক বেশি যাত্রী দেখা গেছে। টিকিটের দাম বেশি হলেও, যাত্রীরা আরামদায়ক ভ্রমণের জন্য এসি ট্রেনের সুযোগ হাতছাড়া করেননি। প্রথম দিনেই এই রুটে এসি লোকালের ব্যাপক সাফল্য প্রমাণ করেছে যে, দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হয়েছে।