রুটি অনেকক্ষণ নরম রাখতে কিছু সহজ কৌশল জেনেনিন

ব্যস্ত জীবনে সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে যায় কর্মব্যস্ততার তাড়া। আজকাল কর্মজীবী দম্পতিদের সকালে খাবার খেয়েই ছুটতে হয় অফিসের দিকে। এই তাড়াহুড়োর মধ্যে প্রতিদিন রুটি বানানো বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তাই অনেকেই বাধ্য হয়ে ছুটির দিনে বেশি করে রুটি বানিয়ে সংরক্ষণ করে রাখেন।

তবে রুটি বানিয়ে রাখলে একটি সাধারণ অভিযোগ শোনা যায় – রুটি শক্ত হয়ে যায়। তাহলে এর সমাধান কী? চলুন জেনে নিই এমন কিছু সহজ কৌশল, যার মাধ্যমে রুটি সংরক্ষণ করলে তা থাকবে নরম ও তুলতুলে:

১. ময়দায় মেশান তেল: রুটি বানানোর সময় ময়দা বা আটার সাথে সামান্য তেল ব্যবহার করুন। এতে রুটি অনেক নরম হবে। এমনকি, আপনি যদি ডো বানিয়ে ফ্রিজে রাখতে চান, তাতেও ডো শক্ত হবে না। রুটি বানানো হয়ে গেলে, প্রতিটির উপর অল্প করে তেল মাখিয়ে রাখতে পারেন। এতে রুটি নরম থাকবে এবং একটির সাথে আরেকটি লেগে যাওয়ার ভয়ও থাকবে না।

২. এয়ারটাইট পাত্রের ব্যবহার: রুটি সংরক্ষণের জন্য সবসময় একটি এয়ারটাইট বক্স ব্যবহার করুন। এর ফলে রুটিতে বাতাস প্রবেশ করতে পারবে না এবং রুটি দীর্ঘক্ষণ নরম থাকবে।

৩. ভুল উপায়ে গরম করা এড়িয়ে চলুন: অনেকেই ফ্রিজ থেকে বের করে সরাসরি ওভেনে বা প্রথমে ওভেনে হালকা গরম করে পরে চুলায় সেঁকে নেন। এতে রুটি কিছুটা রুক্ষ ও শক্ত হয়ে যেতে পারে। এর পরিবর্তে, রুটি ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। তারপর তাওয়ায় হালকা আঁচে সেঁকে নিন।

৪. সংরক্ষণের সময়সীমা: রুটি বানিয়ে বেশি দিন ফ্রিজে রাখবেন না। এতে রুটি ধীরে ধীরে তার নরম ভাব হারিয়ে শক্ত হয়ে যাবে। চেষ্টা করুন ৫-৬ দিনের মধ্যে রুটি ব্যবহার করে ফেলতে। এই সময়ের মধ্যে রুটি নরম ও তুলতুলে থাকবে।

৫. ময়দার হালকা প্রলেপ: রুটি বানানোর সময় প্রতিটির উপরে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিতে পারেন। এতে করে সব রুটি একসাথে রাখলেও একটির সাথে আরেকটি লেগে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।

৬. হালকা সেঁকে সংরক্ষণ: ফ্রিজে রুটি সংরক্ষণের আগে হালকা করে সেঁকে নিন। সেঁকে নেওয়ার পর রুটি একটি পেপার বা কাগজের উপর রাখুন। এতে করে রুটি সেঁকার পর যে সামান্য ভেজা ভাব থাকে, তা শুষে নেবে। এরপর রুটি ফ্রিজে রাখলে তা নরম থাকবে।

এই সহজ টিপসগুলো অনুসরণ করে আপনি ছুটির দিনে বানানো রুটিও কর্মব্যস্ত দিনের জন্য নরম ও তুলতুলে রাখতে পারবেন। ফলে তাড়াহুড়োর সকালেও গরম নরম রুটির স্বাদ উপভোগ করা সম্ভব হবে।