চিকিৎসা চলাকালীনই হাপিস রোগী, ইনজেকশন দেখে স্যালাইন খুলে দৌড়! তুলকালাম বক্সিরহাটে

ইঞ্জেকশনের ভয়ে চিকিৎসা মাঝপথে ফেলে হাসপাতাল থেকে উধাও হলেন এক রোগী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ভাইরাল জ্বরে আক্রান্ত ওই ব্যক্তির হঠাৎ পালিয়ে যাওয়ার ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।
ভানুকুমারী-২ গ্রাম পঞ্চায়েতের নাগারখানার বাসিন্দা ৪৮ বছর বয়সী অসুরউদ্দিন মিঞা ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে বুধবার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে কর্তব্যরত নার্স তাঁকে ইঞ্জেকশন দিতে গেলে হঠাৎই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। স্যালাইনের নল হাত থেকে খুলে ফেলেন এবং স্বাস্থ্যকেন্দ্র থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যান। তার সঙ্গে থাকা মা ছেলেকে আটকানোর জন্য চিৎকার করলেও স্বাস্থ্যকেন্দ্রের কোনো কর্মী তাঁকে আটকানোর চেষ্টা করেননি বলে অভিযোগ পরিবারের।
অসুরউদ্দিনের নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সারাদিন খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে রাতে রোগীর পরিবারের সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁদের চিৎকারে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।