নিত্যযাত্রীদের জন্য দারুণ খবর! এবার থেকে শিয়ালদা-বনগাঁ রুটে ছুটবে এসি লোকাল, বিনা টিকিটে উঠলে কত ফাইন লাগবে জানেন?

শিয়ালদা-বনগাঁ রুটের নিত্যযাত্রীদের জন্য এক দারুণ খবর। এবার থেকে এই ব্যস্ত রুটে চলবে এসি লোকাল ট্রেন। শুক্রবার সকালে এই নতুন পরিষেবা চালু হয়েছে। প্রতিদিনের ভিড় এবং গরমের অস্বস্তিকর যাত্রা থেকে মুক্তি পেতে চলেছে এই রুটের হাজার হাজার যাত্রী।
সকালে রানাঘাট থেকে যাত্রা শুরু করে ট্রেনটি বনগাঁ হয়ে শিয়ালদার দিকে যায়। ট্রেনটি সকাল ৭টা ৪২ মিনিটে বনগাঁ স্টেশনে পৌঁছায়। এসি ট্রেনের খবর পেয়েই যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং টিকিট কাউন্টারে ভিড় দেখা যায়।
যদিও এসি ট্রেনের আরামদায়ক যাত্রা যাত্রীদের মুখে হাসি ফুটিয়েছে, তবে ভাড়া নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত টিকিটের সর্বনিম্ন মূল্য ৩৫ টাকা, আর সর্বোচ্চ ১৫০ টাকা। অনেকেই মনে করছেন, ভাড়া তুলনামূলকভাবে বেশি। যাত্রীদের একাংশ দাবি করেছেন, ভাড়া কমানো হলে আরও বেশি মানুষ এই সুবিধার আওতায় আসতে পারবেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করলে ২৫০ টাকা জরিমানা দিতে হবে, সঙ্গে ন্যূনতম ভাড়াও দিতে হবে। প্রতিদিন এই ট্রেনটি চলবে, যা বনগাঁ রুটের যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।