স্কুলের একমাত্র শিক্ষিকার অবসর.., চিন্তায় অভিভাবকরা, স্কুল বন্ধের আশঙ্কা! কোথায় জানুন

আর মাত্র কিছুদিনের মধ্যেই অবসর নিতে চলেছেন হিঙ্গলগঞ্জের ২০ নম্বর নিত্যানন্দ এসএসকে স্কুলের একমাত্র শিক্ষিকা। তাঁর অবসরের পর স্কুলটি বন্ধ হয়ে যাবে, এমন আশঙ্কায় ভুগছেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা।

২০০৩ সালে স্থাপিত এই স্কুলটি একসময় তিনজন শিক্ষক-শিক্ষিকা এবং বহু ছাত্রছাত্রী নিয়ে বেশ ভালোই চলছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়। প্রথমে একজন শিক্ষিকার বদলি হয়, তারপর চলতি বছরের এপ্রিল মাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আরও একজনের। এরপর থেকে একজন মাত্র শিক্ষিকাই স্কুলের দায়িত্ব সামলে আসছিলেন।

চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এই স্কুলে। শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে কমতে এখন ৩৫ থেকে ৪০ জনে দাঁড়িয়েছে।

স্কুলের এই শেষ শিক্ষিকার অবসর নেওয়ার কথা ২০২৬ সালের ৩১শে জানুয়ারি। তিনি চলে গেলে স্কুলে আর কোনো শিক্ষক থাকবেন না, ফলে স্কুল বন্ধ হয়ে যাবে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা, কারণ এই স্কুল বন্ধ হলে তাদের তিন থেকে চার কিলোমিটার দূরে অন্য স্কুলে যেতে হবে, যা ছোটদের জন্য খুবই কষ্টকর।

স্কুলটিকে বাঁচানোর জন্য শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা সরকারের কাছে দ্রুত নতুন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।