নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ল BJP বিধায়কের গাড়ি! তারপর যা হল….

কোচবিহারের বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার ভোরে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের কাছে একটি ভিআইপি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দোকানের মালিক এবং কয়েকজন পথচারী।

শনিবার ভোর প্রায় ৫টা নাগাদ দিল্লি থেকে কোচবিহারের দিকে আসছিল গাড়িটি। প্রথমে সেটি একটি ডিভাইডারে ধাক্কা মারে, তারপর সজোরে একটি ঝুপড়ি দোকানে ঢুকে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা ছুটে আসেন। তারা দেখেন, গাড়ির গায়ে ‘এমপি রাজ্যসভা’ লেখা আছে।

দুর্ঘটনার সময় গাড়িতে সাংসদ অনন্ত মহারাজ ছিলেন না। তবে গাড়ির ভেতরে এক তরুণী ও এক যুবক ছিলেন। দুর্ঘটনার পর গাড়ির চালক এবং ওই তরুণী সংবাদমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেননি এবং সেখান থেকে চলে যান।

খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাংসদের গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, যেভাবে গাড়িটি দোকানে ঢুকেছে, তাতে বড়সড় বিপদ ঘটতে পারত।