“প্যান্ট পরতেও কষ্ট হয়, ভারসাম্য হারাচ্ছি”-৮২ বছর বয়সে অকপট অমিতাভ বচ্চন

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন, যিনি পর্দায় তারুণ্যের প্রতীক হিসেবে আজও দাপিয়ে বেড়াচ্ছেন, সম্প্রতি তার ব্লগে অকপটে বয়সজনিত শারীরিক সমস্যার কথা স্বীকার করেছেন। ৮২ বছর বয়সে পৌঁছে তিনি জানিয়েছেন যে তার শরীর আর আগের মতো নেই। নিত্যদিনের যে কাজগুলো একসময় অনায়াসে করে ফেলতেন, এখন সেগুলোই তার জন্য কঠিন হয়ে উঠেছে।

১৭ আগস্ট তার ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে বিগ বি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীর ভারসাম্য হারাচ্ছে। তাই পড়ে যাওয়া এড়াতে ঘরের চারদিকে সাপোর্ট বার লাগাতে হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন তিনি দাঁড়িয়ে প্যান্ট পরেন না, বরং বসে বসে পরেন, কারণ সামান্য ভারসাম্য হারালেই পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

তিনি বলেন, আগে অনেক কাজ খুব সহজেই করে ফেলতাম। ভেবেছিলাম বয়স বাড়লেও কোনো সমস্যা হবে না। কিন্তু এখন ছোটখাটো কাজ করতে গেলেও একাধিকবার ভাবতে হয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, টেবিল থেকে কোনো কাগজ নিচে পড়ে গেলে সেটা তুলতে গেলেও তাকে এখন হ্যান্ড বারের ওপর ভরসা করতে হয়।

তবে শারীরিক এই সমস্যা সত্ত্বেও অভিনয় ছাড়তে রাজি নন এই বর্ষীয়ান অভিনেতা। ঋভু দাশগুপ্তের ‘সেকশন-৮৪’ এবং নাগ অশ্বীনের ‘কলকি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল তার আসন্ন ছবি। পাশাপাশি তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোটিও চালিয়ে যেতে চান। তার এই অকপট স্বীকারোক্তি শুনে মন ভারাক্রান্ত হলেও, তার কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছে দেখে ভক্তরা আশাবাদী।