মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে বোমা বিস্ফোরণ, নিহত উত্তরপ্রদেশের যুবক

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে একটি রহস্যজনক বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে এবং মৃত যুবকের নাম সচ্চিদানন্দ মিশ্র (২৫), যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ১টা থেকে ২টা নাগাদ ওই যুবক মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে রবীন্দ্র মুক্ত মঞ্চের কাছে একটি বেঞ্চে বসে ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তার হাতে একটি ব্যাগ ছিল, যা থেকেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ওই যুবক গুরুতর আহত হন। তার দুই হাত এবং শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই যুবকের কাছে থাকা ব্যাগেই বোমা ছিল এবং সেই বিস্ফোরণে তিনি মারা যান।

ঘটনার খবর পেয়ে গভীর রাতেই মধ্যমগ্রাম থানার পুলিশ, বারাসত পুলিশ জেলার অতিরিক্ত সুপার এবং এসডিপিও ঘটনাস্থলে ছুটে যান। সোমবার সকালেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বম্ব ডিসপোজাল স্কোয়াডও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবকের ব্যাগ থেকে মোবাইল চার্জার, কিছু ইলেকট্রনিক গ্যাজেট এবং জামাকাপড় পাওয়া গেছে। তবে কেন তিনি এত রাতে ওই এলাকায় ছিলেন এবং তার কাছে বোমা কেন ছিল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্তকারীরা মৃতের আত্মীয়দের খুঁজে বের করার চেষ্টা করছেন।