রাক্ষুসে গতিতে এগিয়ে আসছে ‘এরিন’! চিন্তায় আবহাওয়াবিদরা, কত কিলোমিটারে ছুটে আসছে এই ঝড়?

আটলান্টিক মহাসাগরে আবারও জন্ম নিয়েছে এক বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার নাম হারিকেন এরিন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এরিন ক্যাটেগরি ১ থেকে ক্যাটেগরি ৫-এ উন্নীত হয়েছে, যা আবহাওয়াবিদদের জন্য এক বড় চিন্তার কারণ। সাম্প্রতিককালে আটলান্টিকে এমন দ্রুত গতিতে শক্তি বাড়ানো ঝড় খুব একটা দেখা যায়নি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার সকালে এরিনের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ মাইল, যা শনিবারের মধ্যে বেড়ে দাঁড়ায় ১৬০ মাইলে (প্রায় ২৬০ কিমি/ঘণ্টা)। আবহাওয়াবিজ্ঞানের পরিভাষায় এই ধরনের দ্রুত গতিবৃদ্ধিকে ‘rapid intensification’ বলা হয়। সাধারণত কোনো ঘূর্ণিঝড়ের গতি ২৪ ঘণ্টার মধ্যে ঘণ্টায় ৩৫ মাইল বা তার বেশি বাড়লে তাকে এই পর্যায়ে ফেলা হয়। এরিনের ক্ষেত্রে গতিবৃদ্ধি হয়েছে আরও অনেক বেশি।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের উষ্ণতা বৃদ্ধিই এই ধরনের ঝড়ের দ্রুত শক্তিশালী হওয়ার প্রধান কারণ। সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসে এমন ঘটনা ঘটে থাকে, কিন্তু এবার আগস্টেই এরিনের এই ভয়াবহ রূপ দেখা গেল। এই মুহূর্তে এরিন আমেরিকার উপকূলবর্তী এলাকার দিকে এগোচ্ছে, ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।